গৃহবধূকে হত্যায় বাদীর যাবজ্জীবন
গৃহবধূকে হত্যার দায়ে মামলার বাদীসহ দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নীলফামারীর একটি আদালত।
বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহবুবুল আলম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন-ডিমলা উপজেলার উত্তরখড়িবাড়ি গ্রামের আব্দুল মালেকের ছেলে মামলার বাদী জাফর আলী (৩৮) ও একই গ্রামের ধলু শেখের ছেলে বাহাজ আলী (৩৫)।
একই সঙ্গে তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর আজিজুল ইসলাম প্রামাণিক জানান, ২০০৬ সালের ২৯ জুলাই রাতে ডিমলা উপজেলার উত্তরখড়িবাড়ি গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী শাহীনা খাতুনকে (২৭) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
ঘটনার পরদিন তার চাচাতো দেবর জাফর আলী বাদী হয়ে ডিমলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
২০০৭ সালের ২ মে পুলিশ ওই মামলার বাদী জাফর আলী ও বাহাজ আলীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে বলে জানান এপিপি।
