২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে পিয়েরোকে হত্যা চেষ্টাকারীরা ‘অনুদ্ঘাটিত’

চব্বিশ ঘণ্টা পেরুলেও দিনাজপুরে ইতালির নাগরিক ফাদার ডা. পিয়েরো পারোলারী হত্যাচেষ্টায় জড়িতদের উদ্ঘাটনে পুলিশের কোন অগ্রগতি নেই।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2015, 06:32 PM

Updated : 22 Aug 2022, 01:58 PM

বৃহস্পতিবার ঢাকা থেকে আসা সিআইডি এবং পিবিআই-এর প্রতিনিধি দল দিনাজপুরে ডা. পিয়েরো হত্যাচেষ্টার ঘটনার ঘটনাস্থল ফের পরিদর্শন করেছে।

যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির দণ্ড পুনর্বিবেচনার (রিভিউ) রায়ের দিন বুধবার ২৫ বছর ধরে বাংলাদেশের বিভিন্ন মিশনে কাজ করা এই ফাদারকে হত্যাচেষ্টা হয়। সে সময় সুইহারি ক্যাথলিক চার্চে প্রার্থনা সেরে প্রতিদিনের মতো সাইকেল চালিয়ে সেন্ট ভিনসেন্ট হাসপাতালে যাচ্ছিলেন ফাদার পিয়েরো। প্রায় ১২ বছর ধরে এই মিশনে রয়েছেন তিনি।

এ ঘটনায় কসবা মিশনের ভারপ্রাপ্ত ফাদার সিলাস কুজুর ওই দিন রাতে কোতয়ালি থানায় মামলা করেন। অজ্ঞাতনামা বন্ধুকধারীরাদের বিরুদ্ধে করা এই মামলায় ‘এই ঘটনায় আমরা খ্রিস্টান সমাজ আতঙ্কিত’ বলেও উল্লেখ করেছেন বলে ফাদার সিলাস কুজুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

ওসি খালেকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলা ডিবি পুলিশ তদন্ত করলেও, ঘটনার সাথে জড়িত সন্দেহে ১৫ জনকে জিজ্ঞাসাবাদ করতে থানায় আনা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে।”

বুধবার বিকালে দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাহাবুবুর রহমান ভুট্টুকে গ্রেপ্তার ছাড়া এই ঘটনায় পুলিশের আর কোন গ্রেপ্তার নেই।

এই হত্যাচেষ্টার আগে গত অক্টোবরে পাবনার ঈশ্বরদীতে একটি গির্জার ফাদারকে গলা কেটে হত্যার চেষ্টা হয়। সেপ্টেম্বরে ঢাকার গুলশানে ইতালির নাগরিক চেজারে তাভেল্লা এবং অক্টোবরে রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও খুন হন।

৩১ অক্টোবর ঢাকায় এক প্রকাশককে কুপিয়ে হত্যা এবং আরেক প্রকাশনীর অফিসে হামলা চালিয়ে তিনজনকে কুপিয়ে আহত করা হয়।