২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের ‘ফাও’ খাওয়া, ডাইনিং বন্ধ

ছাত্রলীগ নেতাদের ‘বাকি ও ফাও’ খাওয়ায় ‘অতিষ্ঠ’ হয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি হলের ডাইনিং বন্ধ করে দিয়েছেন বলে দাবি ঠিকাদারের।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2015, 05:41 PM

Updated : 25 Apr 2022, 02:10 PM

তবে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের দাবি নিম্নমানের খাবার পরিবেশনের কারণে সাধারণ শিক্ষার্থীরাই ডাইনিং বন্ধ করে দিয়েছে।

বুধবার রাত থেকে বিশ্ববিদ্যালেয়ের বঙ্গবন্ধু হলের ডাইনিং বন্ধ করে দেওয়ার পর থেকে বিপাকে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

ডাইনিংয়ের ঠিকাদার আজমত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “হল শাখা ছাত্রলীগ সভাপতি আসিফ ও সাধারণ সম্পাদক মারুফসহ একাধিক ছাত্রনেতারা হাজার হাজার টাকা বাকি রেখে প্রতিদিন খেয়ে যাচ্ছেন। টাকা চাইলেই অসৌজন্যমূলক আচরণ করেন তারা।”

তবে বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগ সভাপতি মাহমুদ চৌধুরী আসিফ অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের হলে কোন ভর্তুকি দেয় না। আমরা বাকি খেলেও মাস শেষে তা দিয়ে দেই।”

“খাবারের মান খারাপ হওয়ায় সাধারণ শিক্ষার্থীরাই ক্যান্টিন বন্ধ করে দিয়েছে।”

ডাইনিংয়ের খাবারের দাম অনেক বেশি দাবি করে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মারুফ বলেন, “ এ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোন মাথা ব্যথা নেই।”

ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে আনা অভিযোগ সরাসরি স্বীকার না করলেও আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আউয়াল কবির জয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বিষয়টি নিয়ে আমরা জরুরি ভিত্তিতে একটি বৈঠক করার চেষ্টা করছি।”

এদিকে ক্যান্টিনে খাবার সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়া সাধারণ শিক্ষার্থীরা দ্রুত এ সমস্যা সমাধানের দাবি জানায়।

হলের প্রভোস্ট রাশেদ কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ হলে প্রায় পাঁচ শতাধিক আবাসিক শিক্ষার্থী রয়েছে। দ্রুত আলোচনা সাপেক্ষে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।