২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাল দলিলে জমি রেকর্ড চেষ্টার অভিযোগ

ভোলা সদরে একটি চক্রের বিরুদ্ধে জাল দলিল ও মানচিত্র দিয়ে জমি রেকর্ড চেষ্টার অভিযোগ করেছেন কয়েকজন ভূমি মালিক।

আহাদ চৌধুরী তুহিন

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2015, 04:49 PM

Updated : 22 Aug 2022, 01:58 PM

ভেদুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হাই মাস্টার ও ভেলুমিয়া ইউপি চেয়ারম্যান ছালাম মাল এ চক্রকে সহযোগিতা করছেন বলে অভিযোগ করেন তারা।

ভেলুমিয়া ইউপি সদস্য সামছুদ্দিন মেম্বার, চরগাজী আওয়ামী লীগ সম্পাদক মো. হেলাল মেম্বার, স্থানীয় বাসিন্দা সৈয়দ মাস্টারসহ অনেকেই অভিযোগ করেন, চরহোসেন এলাকার তাদের জমি জরিপের কাগজপত্র পাচ্ছেন না তারা।

তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘ভূমিদস্যু’ কালুর নেতৃত্বে শাজাহান সর্দার, শহীদ পন্ডিত, জাকির পাটোয়ারী, চেলা শাবু মাঝি, ইদ্রিস বেপারী গং ভূমি অফিসের কিছু কর্মচারীর সহযোগিতায় ভেলুমিয়া ইউনিয়নের চরহোসেনের ভুয়া নকশা ও ভুয়া বন্দোবস্তের কাগজ তৈরি করে বিভিন্ন মানুষের জমি অবৈধভাবে দখল করে আছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের এক সার্ভেয়ার এ চক্রকে সহযোগিতা করছেন বলে তারা অভিযোগ করেন।   

তাদের দাবি, বর্তমানে কালু চক্রকে ভেদুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি আবদুল হাই মাস্টার ও ভেলুমিয়া ইউপি চেয়ারম্যান ছালাম মাল পৃষ্ঠপোষকতা করছেন।

কালুগংদের দেওয়া নকশা অনুযায়ী জরিপ কাজ সম্পাদন করার জন্য আবদুল হাই মাস্টার ও ছালাম মাল ভোলার সহকারী কমিশনার (ভূমি) ও জরিপকারীদের চাপ দিচ্ছেন বলেও দাবি করছেন এ ভূমি মালিকরা।

তবে, আবদুল হাই মাস্টার ও ছালাম মাল অভিযোগ অস্বীকার করেছেন।  

এ ব্যাপারে সহকারী কমিশনার কামাল হোসেন বলেন, “ওরা ওদের কথা বলেছে। তবে, যেটা সত্য  ও সঠিক সেভাবে ব্যবস্থা নেব।”