২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনন্ত হত্যা: জাফরান ৭ দিনের রিমান্ডে

অভিজিৎ রায় হত্যা মামলার আসামি জাফরান হাসানকে সিলেটের ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2015, 12:34 PM

Updated : 25 Apr 2022, 02:10 PM

বৃহস্পতিবার সিলেট মহানগর হাকিম আনোয়ারুল হকের আদালতে তাকে হাজির করে ১৫ দিন হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন করেন মামলার তদন্তকারী  কর্মকর্তা সিআইডির পরিদর্শক আরমান আলী।

শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয় বলে জানান আদালত পুলিশের সহকারী কমিশনার (এসিপি) আব্দুল আহাদ চৌধুরী।

এর আগে গত ১০ নভেম্বর অভিজিৎ রায় হত্যা মামলার আসামি জুলহাস বিশ্বাস, আবুল হাসান ও শফিউর রহমান ফারাবীকে হেফাজতে সাত দিন জিজ্ঞাসাবাদ করা হয়।

জাফরানসহ এ তিনজনকে ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আগামী ৩ ডিসেম্বর এ মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানান এসিপি আব্দুল আহাদ।

অনন্ত হত্যা মামলায় এ পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১২ মে সিলেটের সুবিদবাজারে নিজের বাসার সামনে কুপিয়ে খুন করা হয় বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশকে।

এ হত্যা মামলায় সিলেটের ফটোসাংবাদিক ইদ্রিস আলী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মান্নান রাহী ও তার ভাই মোহাইমিন নোমান এবং আবুল খায়েরকে গ্রেপ্তার করে পুলিশ।

এদের মধ্যে মান্নান রাহী অনন্ত হত্যায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

এর আগে অভিজিৎ হত্যা মামলায় গ্রেপ্তার পাঁচজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মো. তৌহিদুর রহমান, আমিনুল মল্লিক, আরিফুল ইসলাম, জাকিরুল প্রকাশ ও সাদেক আলী মিঠুকেও এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তাদের পাঁচ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি।