ঢিলেঢালা হরতাল সিলেটে
জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ায় দলটির ডাকা হরতাল ঢিলেঢালাভাবে চলছে সিলেটে।
বৃহস্পতিবার সকাল থেকে নগরীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কর্মসূচির সমর্থনে কোনো মিছিল কিংবা পিকেটিং করেননি জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার রহমত উল্লাহ বলেন, হরতালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জনজীবন অনেকটা স্বাভাবিক রয়েছে।
“নগরবাসীর নিরাপত্তায় সব পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
শহর ঘুরে দেখা গেছে, অন্যদিনের মতোই ভোর থেকে নগরীর প্রধান সড়কগুলোতে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা চলাচল করছে। চলছে স্বল্পপাল্লার বাসও। তবে দূরপাল্লার বাস চলছে কম।
সিলেট সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যাত্রী কম থাকায় দূরপাল্লার বাস কম ছাড়ছে।
যথাসময়ে নির্দিষ্ট গন্তব্যে ট্রেন ছেড়ে গেছে বলে জানিয়েছেন সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক।
বেলা সাড়ে ১১টার দিকে দেখা গেছে, নগরীর শপিং সেন্টারগুলো বন্ধ থাকলেও রাস্তার পাশের প্রায় সব দোকানপাট খুলেছে। রাস্তায় যানবাহন ও লোকচলাচল অন্যদিনের মতোই স্বাভাবিক।
বুধবার আপিল বিভাগের রায়ের পর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদের নামে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে এই হরতালের বার্তা দেওয়া হয়। তবে হরতাল কতক্ষণ চলবে- সে বিষয়ে কিছু বলা হয়নি বার্তায়।
