লালমনিরহাটের ৬৪ জন ভারত যাচ্ছে বৃহস্পতিবার
লালমনিরহাটের হাতীবান্ধার বিলুপ্ত ছিটমহল উত্তর গোতামারী থেকে ৬৪ জন ভারত যাচ্ছে বলে প্রশাসন জানিয়েছে।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান জানান, ভারতের নাগরিকত্ব গ্রহণকারী ১৮ পরিবারের ৬৪ জন বৃহস্পতিবার বাংলাদেশ ছাড়ছেন।
ইতিমধ্যে তাদের যাওয়ার ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান ইউএনও।
এছাড়া আগামী রোববার (২৩ নভেম্বর) যাবে পাটগ্রামের বাঁশকাটা, লতামারী ও খড়খড়িয়া এলাকার ৩১ পরিবারের ১৩৩ জন।
হাতীবান্ধা উপজেলা প্রশাসন জানায়, লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধার ৪০ পরিবার ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছে।
ওই পরিবারগুলো পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার থেকে পর্যায়ক্রমে বাস ও ট্রাক যোগে ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ এলাকায় যাবে।
হাতীবান্ধার উত্তর গোতামারীর মোট ৬২৪ জন বাসিন্দার মধ্যে ৬৪ জন ভারত যেতে নিবন্ধন করেছিলেন। এদের মধ্যে রয়েছেন সনাতন ধর্মের ৬২ জন এবং ইসলাম ধর্মাবলম্বী দুজন।
পাটগ্রামের ইউএনও মো. নূর কুতুবুল আলম জানান, আগামী ২৩ নভেম্বর পাটগ্রামের সদ্য বিলুপ্ত ছিটমহল বাঁশকাটা, লতামারী ও খড়খড়িয়ার ৩১ পরিবারের ১৩৩ জন ভারত যাবে।
ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে আগামী ৩০ নভেম্বরের মধ্যে ভারতীয় নাগরিকত্ব গ্রহণকারীদের সেদেশে যাওয়া শেষ হবে বলে জানান তিনি।
