ফতুল্লায় গ্যাসের আগুনে দগ্ধ এক পরিবারের চারজন
নারায়ণগঞ্জের ফতুল্লায় রান্নাঘরের গ্যাসের আগুনে এক পরিবারের চার সদস্য দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে তল্লা এলাকায় হাজি আমির উদ্দিনের ভাড়াটিয়া মনির হোসেনের ঘরে এ ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার এএসপি মো. শরফুদ্দিন।
আহতরা হলেন মনির হোসেন, তার স্ত্রী মীনা, ছেলে মিনহাজ ও রিমন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এএসপি মো. শরফুদ্দিন জানান, হাজি আমির উদ্দিনের চারতলা বাড়ির নিচতলার ভাড়াটিয়া মনির হোসেনের রান্নাঘরে সকালে চুলা জ্বালানোর সময় আগুন ধরে যায়।
এতে রান্নাঘরের দরজা দুমড়ে-মুচড়ে গেছে বলে জানান তিনি।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে রাতে চুলা বন্ধ না করেই তারা ঘুমিয়ে পড়েছিলেন। তাই ভোরে চুলা জ্বালাতে গেলে আগুন ধরে যায়।
