চিকিৎসা অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ
নীলফামারীর ডোমার উপজেলায় চিকিৎসকের অবহেলায় তিন বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।
বুধবার সকালে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটির মৃত্যু হয়।
মৃত কাওছার আলীর উপজেলার পাঙ্গামটকপুর ইউনিয়নের মৌজাপাঙ্গা গ্রামের শাহজাহান আলীর ছেলে।
শাহজাহান আলী জানান, তার পরিবারের চার সদস্য ডায়রিয়ায় আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।
তিনি অভিযোগ করেন, ভর্তির পর থেকে তার পরিবারের ডায়রিয়া আক্রান্তদের উপযুক্ত চিকিৎসা দেওয়া হয়নি। চিকিৎসকদের ডেকেও পাওয়া যায়নি হাসপাতালে। অবহেলা আর উপযুক্ত চিকিৎসার অভাবে তার ছেলে কাওছার মারা গেছে।
অভিযোগ অস্বীকার করে হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ফারজানা আফরিন বলেন, একই পরিবারের চার সদস্য খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। তাদের চিকিৎসা সেবাসহ সার্বক্ষণিকভাবে নজরদারিতে রাখা হয়েছিল।
“যে শিশুটি মারা গেছে তার নিউমোনিয়াসহ ডায়রিয়া ছিল। তাকে কোনো ভাবে স্যালাইন দেওয়া যাচ্ছিল না।”
রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলা হয় জানিয়ে তিনি বলেন, কিন্তু পরিবারের লোকজন শিশুটিকে রংপুর নিয়ে যায়নি।
পাঙ্গামটকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম বলেন, “আমি সকালে হাসপাতালে গিয়ে শিশুটির স্বজনদের সঙ্গে কথা বলে জেনেছি রাতে কোনো চিকিৎসক তাদের কাছে আসেননি। সারা রাত শিশুটি ছটফট করছিল। স্বজনরা ছুটাছুটি করেও কোনো চিকিৎসক বা নার্সকে পায়নি।”
শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শও দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।
এ ব্যাপারে জানতে চাইলে নীলফামারী সিভিল সার্জন ডা. আব্দুর রশীদ বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
