নড়াইলে স্কুলছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার
নড়াইলের লোহাগড়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে।
মঙ্গলবার রাতে মাইটকুমড়া আশ্রয় প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
মেয়েটিকে (১২) লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মেয়েটির মা চরজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
মামলায় অভিযোগ করা হয়, কিছুদিন ধরে উপজেলার গন্ধবাড়িয়া এলাকার এক ছেলের (১৯) সঙ্গে তার মেয়ের সম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্কের সূত্র ধরে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা পালিয়ে যায়।
পথে মাইটকুমড়া আশ্রয়ন প্রকল্প এলাকায় তিন- চার জন বখাটে তাদের জোর করে পাশের বাগানে নিয়ে যায় এবং ছেলেটিকে আটকে রেখে তার মেয়ের উপর নির্যাতন চালায়।
পরে তাদের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
মেয়েটির মা সাংবাদিকদের জানান, স্থানীয়রা তার মেয়েকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থায় অবনতি হলে পরে তাকে নড়াইল সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
লোহাগড়া থানার ওসি মো. কামরুজ্জামান জানান, এ ঘটনায় ‘ধর্ষিতার’ মা বাদী হয়ে চার জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ ঘটনায় মনিরুল নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
