মাইক্রোবাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
কুমিল্লার লালমাই এলাকায় মাইক্রোবাসের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক দম্পতি নিহত এবং তিন যাত্রী আহত হয়েছেন।
বুধবার সকাল সোয়া ১০টায় কুমিল্লা দক্ষিণ সদর উপজেলার লালমাই উত্তরপাড় এলাকার এই দুর্ঘটনায় নিহত হন আলী আজম (৪৮) ও তার স্ত্রী সামনা খাতুন (৩৫)।
লালমাই হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই লুৎফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুমিল্লামুখী একটি মাইক্রোবাসের সঙ্গে ব্পিরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ওই দুজন মারা যান।
এছাড়া আহত হন আরো তিনজন। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। এখনও কারও বিস্তারিত পরিচয় জানা যায়নি।
আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের লাশ ও দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে।
এ ব্যাপারে কুমিল্লা দক্ষিণ সদর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
