২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ‘ডাকাত’ নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত এবং তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2015, 08:42 AM

Updated : 22 Aug 2022, 01:58 PM

নিহত শাকিব মিয়া (৩০) মরাপুকুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

কসবা থানার ওসি মো. মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার রাত ২টার দিকে ডাকাতেরা গোলাসার গ্রামে কুমিল্লা-সিলেট মহাসড়কে গাছ দিয়ে ব্যারিকেড দিচ্ছিল।

“এ সময় টহলরত পুলিশ সেখানে গেলে ডাকাতেরা গুলি করে। পুলিশও পাল্টা গুলি করলে শাকিবের ডানপায়ে গুলি লাগে। এছাড়া আরও ১০-১২ ডাকাত পালিয়ে যায়। পরে তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

তার বিরুদ্ধে কসবা থানায় কয়েকটি ডাকাতি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আহত পুলিশ সদস্যরা হলেন কসবা থানার এএসআই ফারুক, কনস্টেবল আশিক ও সোহেল রানা। তাদের ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এছাড়া পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও পাঁচ রাউন্ড গুলিসহ তিনটি রাম দা উদ্ধার করেছে।