রাবির দুটি ইউনিটের ফল প্রকাশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতকের ‘ই’ ও ‘এইচ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ru.ac.bd এবং অনুষদগুলোর নোটিস বোর্ডে এ ফল প্রকাশ করা হয়।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নীলুফার সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘ই’ ইউনিটে নির্বাচিত ছাত্র-ছাত্রীদের মধ্যে ৭ ডিসেম্বর বিজোড় রোল নম্বর ও ৮ ডিসেম্বর জোড় নম্বরের শিক্ষার্থীদের সকাল ৯টা থেকে সামাজিক অনুষদের ডিন কমপ্লেক্সের নিচ তলায় সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
‘এইচ’ ইউনিটে নির্বাচিত ছাত্র-ছাত্রীদের মধ্যে ২৮ নভেম্বর বিজোড় ও ২৯ নভেম্বর জোড় রোল নম্বরের শিক্ষার্থীদের সকাল ৯টা থেকে দুপুর ১.৩০ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদে সাক্ষাৎকার নেওয়া হবে বলে জানিয়েছেন অনুষদটির ডিন অধ্যাপক আবু বকর মো. ইসমাইল।
চলতি বছর ই-ইউনিটে ২৫ হাজার ৫৬৩ জন এবং এইচ-ইউনিটে ২৩ হাজার ৬৬০ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
