মালয়েশিয়ায় বাংলাদেশিকে গলাকেটে হত্যার খবর
মালয়েশিয়ায় এক বাংলাদেশি যুবককে গলাকেটে হত্যার খবর পেয়েছে তার পরিবার।
নিহত আব্দুল আরিফ (২৪) নওগাঁর রাণীনগর উপজেলার কাশিমপুর ইউপির মঙ্গলপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।
আরিফের বাবা আব্দুল হামিদ বলেন, “রোববার রাতে মালয়েশিয়া প্রবাসী প্রতিবেশী আশাদুল ইসলাম ফোন করে জানায় দুর্বৃত্তরা গলা কেটে আরিফকে হত্যা করেছে।”
“শনিবার রাত ৮টার দিকেও আমি ছেলের সঙ্গে কথা বলেছি। সে বলেছিল ‘ভাল আছি’।”
এলাকাবাসীর বরাত দিয়ে রানীনগর থানার ওসি আব্দুল লতিফ খান জানান, প্রায় দুই বছর আগে আরিফ মালয়েশিয়া যান। সেখানে একটি কারখানায় রং মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন তিনি।
আরিফের পরিবারের কাছ থেকে তার প্রয়োজনীয় কাগজপত্র পেলে লাশ দেশে আনার ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম।
