২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নূর হোসেন রিমান্ডে না এলে সরকারের আন্তরিকতা প্রশ্নবিদ্ধ হবে’

নূর হোসেনকে রিমান্ডে নেওয়া না হলে সাত খুনের বিচারের ক্ষেত্রে সরকারের আন্তরিকতা নিয়ে সন্দেহ দেখা দেবে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2015, 09:54 PM

Updated : 25 Apr 2022, 02:08 PM

রোববার চুয়াডাঙ্গায় এক সেমিনারে তিনি বলেন, “চার্জশিট দেওয়া হয়েছে বলেই নারায়ণগঞ্জের সাত খুন মামলার আসামি নূর হোসেনকে রিমান্ডে নেওয়া যাবে না- এটা ঠিক নয়।

“নূর হোসেনকে রিমান্ডে নেওয়া না হলে জনমনে অনেক প্রশ্ন দেখা দেবে। এমন চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটনে সরকারের আন্তরিকতা নিয়েও সন্দেহ দেখা দেবে।”

তাই তাকে রিমান্ডে নেওয়া রাষ্ট্রের উচিৎ হবে বলে মনে করেন মিজানুর রহমান।

নারায়ণঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে বৃহস্পতিবার যশোরের বেনাপোল স্থল বন্দরে বিজিবির কাছে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার সাত খুনের মামলায় তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। মামলার অভিযোগপত্র হওয়ায় তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করেননি পুলিশ।

‘সকলের জন্য মানবাধিকার: প্রসঙ্গ অস্পৃশ্যতা’ শীর্ষক সেমিনারে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, তার কাছে এমন কিছু তথ্য থাকতে পারে যা রিমান্ডে নিলে বেরিয়ে আসবে।

“শুধু সাত খুনের জন্য নয়, আরও অনেক কিছু উদঘাটন করা বোধ হয় সম্ভব হবে।”

জেলা প্রশাসক সায়মা ইউনুসের সভাপতিত্বে কমিশন আয়োজিত সেমিনারে আরও বক্তব্য রাখেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, পুলিশ সুপার রশীদুল হাসান, হরিজন মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় মহাসচিব রম্ভুনাথ বাশফোর।

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া থেকে কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়।

নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম সে সময় অভিযোগ করেন, র‌্যাবকে ৬ কোটি টাকা দিয়ে ৪ নম্বর ওয়ার্ডর কাউন্সিলর নূর হোসেন ওই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। পরে র‌্যাবের অভ্যন্তরীণ তদন্তেও তার সত্যতা পাওয়া যায়।

হত্যাকাণ্ডের প্রায় এক বছর পর গত ৮ এপ্রিল নূর হোসেন এবং র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে নারায়ণগঞ্জের আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

হত্যাকাণ্ডের সঙ্গে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেন নূর হোসেন। এক পর্যায়ে নিরুদ্দেশ হন সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগের এই নেতা। এরপর ২০১৪ সালের ১৪ জুন কলকাতার দমদম বিমানবন্দরের কাছে কৈখালি এলাকার একটি বাড়ি থেকে দুই সহযোগীসহ তাকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় আদালতে পাসপোর্ট আইনে মামলাও হয়।

শেষ পর্যন্ত দুই সরকারের মতৈক্যে ভারত গত অক্টোবরে ওই মামলা তুলে নেয় এবং আদালত নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুমতি দেয়।