গাজীপুরে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন
গাজীপুরে মাদক মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ইসমাইল হোসেন (৫০) গাজীপুর সিটি করপোরেশনের উত্তর খাইলকুর এলাকার আব্দুলরহম আলীর ছেলে।
একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার বরাত দিয়ে ওই আদালতের অতিরিক্ত পিপি মো. মকবুল হোসেন কাজল জানান, ২০১১ সালের ২৯ জানুয়ারি মো. ইসমাইল হোসেনের বসত ঘরের খাটের নিচে একটি প্লাস্টিকের বস্তা থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় ইসমাইলকেও আটক করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক একেএম কামরুল ইসলাম বাদী হয়ে ইসমাইলকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা করেন।
ওই বছরের ৪ মার্চ আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
