মাদারীপুরে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১
মাদারীপুরের কালকিনি উপজেলায় সিলিন্ডার ফেটে আগুনে দগ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই ভাইসহ চারজন।
রোববার সকালে উপজেলার মজিদবাড়ি ভুরঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান কালকিনি থানার ওসি গোলাপ চাঁন রবি দাশ।
নিহত সিরাজ সরদার (৫০) আগৈলঝাড়ার গৈলা গ্রামের বাসিন্দা।
আহত হয়েছেন সিরাজের দুই ছেলে সুমন সরদার (২৫), হৃদয় সরদার (১৪), প্রত্যক্ষদর্শী আসলাম খান (২৫), ও শাহাদাত হাওলাদার। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, মজিদবাড়ি ভুরঘাটা এলাকায় কুণ্ডু বাড়ির মেলায় সিরাজ বেলুন বিক্রি করছিলেন। সকালে সিলিন্ডার দিয়ে বেলুনে হাওয়া ভরার সময় সিলিন্ডারটি বিস্ফোরিত হলে সিরাজ ও তার দুই ছেলেসহ মেলায় ঘুরতে আসা অন্য দুজন আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । সেখান সিরাজ ও তার ছেলেদের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সিরাজের মৃত্যু হয় বলে জানান তিনি।
