ফরিদপুরে চারজনকে পিটিয়ে হত্যার মামলায় আসামি এক হাজার
ফরিদপুরে ডাকাত সন্দেহে চারজনকে পিটিয়ে হত্যার ঘটনায় এক হাজার গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
সদর থানার এসআই শাহ আলম শনিবার রাতে এ মামলা দায়ের করেন।
এছাড়া ডাকাতির অভিযোগে অজ্ঞাতপরিচয় ১০-১২ জনকে আসামি করে আরেকটি মামলা করেছেন চৌধুরীডাঙ্গী গ্রামের গৃহকর্তা মমিন শেখ।
সহকারী পুলিশ সুপার এফ এম মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হত্যা মামলার তদন্তভার পেয়েছেন এসআই মো. শাহীন। আর পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন ডাকাতি মামলার তদন্ত করবেন।
শনিবার ভোর রাতে চৌধুরীডাঙ্গী গ্রামের মমিন শেখ, রশিদ শেখ ও নিজাম শেখের বাড়িতে ১০-১২ জনের ডাকাতদল হানা দেয়।
ডাকাতরা বাড়ির সবাইকে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুট করে পালানোর চেষ্ট করলে বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী চারজনকে ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
নিহত চারজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি বোয়ালমারী উপজেলার চতুল গ্রামের আব্দুস সালামের ছেলে মো. খোকন।
অন্য তিনজনের লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
