নববধূ ধর্ষিত,অভিযোগ কাজির ছেলের বিরুদ্ধে
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় কাজির ছেলের বিরুদ্ধে এক নববধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় হোসেনপুর ইউনিয়ন বিবাহ নিবন্ধক (কাজি) আহাম্মদ হোসেন সরকারের ছেলে শামীম হোসেন সরকারের বিরুদ্ধে পলাশবাড়ি থানায় শুক্রবার রাতে মামলা হয়েছে।
নববধূর বাবা জানান, গত মঙ্গলবার কাজির ছেলে শামীম তার মেয়ের বিয়ে নিবন্ধন করেন। তখন শামীম বলেছিলেন,মেয়ের বয়স কম। তাই আইনজীবীর কাছে গিয়ে বয়স এবং বিয়ে এফিডেভিট করতে হবে।
“এরপর শামীমের কথামতো বৃহস্পতিবার সন্ধ্যায় আমার স্ত্রীসহ মেয়েকে নিয়ে কাজি অফিসে যাই। রাত ৮টার দিকে শামীম কৌশলে পলাশবাড়ী সদরের চৌধুরী মার্কেটের একটি কাপড়ের দোকানে আমাকে আর আমার স্ত্রীকে বসিয়ে রেখে আইনজীবীর কাছে নিয়ে যাওয়ার কথা বলে মেয়েকে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায়।”
“পলাশবাড়ী-কাশিয়াবাড়ীর একটি পুকুর পাড়ে ভয়-ভীতি দেখিয়ে আমার মেয়েকে ধর্ষণ করে।”
বাবার সহকারী হিসেবে শামীম কাজ করতেন জানিয়ে পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান বলেন,মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে শামীম পালিয়ে যায়।
শুক্রবার মেডিকেল পরীক্ষার পর নববধূর স্বামী তাকে নিয়ে যায় বলেও জানান তিনি।
শামীমকে গ্রেপ্তারে অভিযান চলছে।
