ফেনীতে জাপা নেতাকর্মীর আ. লীগে যোগদান
জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিপুল নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ফেনী পৌরসভার মেয়র হাজি আলাউদ্দিন।
শুক্রবার সন্ধ্যায় পরশুরাম উপজেলা পরিষদ চত্বরে উপজেলা যুবলীগ এক সমাবেশ আয়োজন করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিমের হাতে ফুল তুলে দেন জাপা নেতা হাজি আলাউদ্দিন।
এরপর তিনি সঙ্গে থাকা জেলা জাতীয় পার্টির সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক কেবিএম জাহাঙ্গীর আলমসহ সকল ইউনিটের নেতাকর্মীদের পরিচয় করিয়ে দেন।
সমাবেশে হাজি আলাউদ্দিন বলেন, “আমি অনেক আগেই আওয়ামী লীগে যোগ দিয়েছি। এটা জাস্ট আনুষ্ঠানিকতা।”
আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম বলেন, “২০১৪ সালের নির্বাচনে ফেনী-২ আসনে হাজি আলাউদ্দিনকে মহাজোটের প্রার্থী করতে চেয়েছিল জাতীয় পার্টি। কিন্তু তিনি সেটা নিজাম হাজারীকে ছেড়ে দেন। তার প্রতিদানস্বরূপ তাকে মেয়রের পদটি দেওয়া হয়।”
২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ফেনী পৌরসভার তৎকালীন মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী সংসদ সদস্য নির্বাচিত হলে মেয়রের পদটি শূন্য হয়।
ওই পদে উপনির্বাচনে মেয়র হন হাজি আলাউদ্দিন। তারপর থেকে তিনি আওয়ামী লীগে যোগ দেবেন এমন গুজব ছিল ফেনীর রাজনীতিতে।
জেলা জাতীয় পার্টির সভাপতি মোশারফ হোসেন সাংবাদিকদের বলেন, “জাতীয় পার্টির জেলা কমিটিসহ সব ইউনিটের নেতারা তাদের কমিটি বিলুপ্ত ঘোষণা করে আওয়ামী লীগে যোগ দিয়েছেন।”
জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, কেউ যদি সুবিধা পাওয়ার জন্য আওয়ামী লীগে যোগ দিয়ে থাকে, সেটা প্রতীয়মান হলে দলীয় সভায় আলোচনা হবে।
