দেড় বছর পর কংকাল উদ্ধার
নিখোঁজের দেড় বছর পর মাদারীপুরের এক ব্যক্তির কংকাল উদ্ধার হয়েছে গাজীপুরে।
শুক্রবার বিকালে দক্ষিণ সালনার একটি পরিত্যক্ত ডোবায় বোরহান খালাসির (৪০) কংকালের ৪৪টি হাড় পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
বোরহান খালাসি মাদারীপুর সদরের হাজরাপুর গ্রামের আব্দুল জব্বার খালাসির ছেলে।
এ হত্যায় জড়িত অভিযোগে নান্নু শেখ (৪০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। নান্নু মাদারীপুর সদরের পাচখোলা গ্রামের মৃত আইয়ুব আলী শেখের ছেলে।
জয়দেবপুর থানার এসআই সৈয়দ আবুল হাসেম জানান, বোরহান খালাসিকে হত্যার ঘটনায় তার ভাগিনা আমিনুল ইসলাম গত ১১ অক্টোবর গাজীপুর আদালতে একটি মামলা দায়ের করেন। ১৫ অক্টোরব জয়দেবপুর থানায় মামলাটি রেকর্ড করা হয়।
জিজ্ঞাসাবাদে নান্নু শেখের দেওয়া তথ্য থেকে জানা যায়, নান্নু শেখের স্ত্রী (৪০) গত বছরের প্রথম দিকে বোরহান খালাসির সঙ্গে পালিয়ে গাজীপুর চলে আসেন এবং দক্ষিণ সালনা এলাকায় স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করতে থাকেন। সেখানে তারা দুইজনই দিন মুজুরের কাজ করতেন।
কিছুদিন পর তাদের মধ্যে কলহ বাধলে ওই নারী আগের স্বামী নান্নু শেখকে খবর দিয়ে সালনায় আনেন। পরে নান্নু কয়েকজন সহযোগীসহ সালনা এসে গত বছরের ২৮ এপ্রিল রাতে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে বোরহান খালাসিকে হত্যা করেন।
এরপর তার মরদেহ ইট ও ইটের খোয়াভর্তি বস্তায় বেঁধে বাড়ির পাশের মুন্নি লালের পরিত্যক্ত ডোবায় ডুবিয়ে দেন।
ঘটনার পর ওই রাতেই নান্নু শেখ ও তার স্ত্রী ওই বাসা ছেড়ে পালিয়ে যান।
এসআই হাসেম জানান, প্রায় দেড় বছর পর নান্নু শেখ একা গ্রামের বাড়ি গেলে স্থানীয়রা তাকে আটক করে এবং তার স্ত্রীর ও বোরহান খালাসির সন্ধান জানতে চায়।
“এক পর্যায়ে তারা মারধর করলে তিনি বোরহান খালাসিকে হত্যা করার কথা স্বীকার করেন,” বলেন হাসেম।
তিনি জানান, এরপর স্থানীয়রা তাকে মাদারীপুর থানায় সোপর্দ করলে পুলিশ তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।
“এরপর নিহতের ভাগিনা আমিনুল ইসলাম বাদী হয়ে গাজীপুর আদালতে হত্যা মামলা দায়ের করেন, যা পরে জয়দেবপুর থানায় রেকর্ড করা হয়।”
এসআই হাসেম জানান, পুলিশ আদালতের মাধ্যমে নান্নু শেখকে মাদারীপুর থেকে গাজীপুরে আনে এবং এ হত্যা মামলায় গ্রেপ্তার দেখায়।
“এরপর গাজীপুর আদালত থেকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে লাশ ফেলে দেওয়ার স্থান দেখান নান্নু।
“সেই অনুযায়ী পরিত্যক্ত ডোবাটি সেঁচে কাদার মধ্য থেকে বোরহান খালাসির কংকাল উদ্ধার করা হয়।”
জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, এ হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে দেখছে পুলিশ। গ্রেপ্তার নান্নু শেখের স্ত্রীকে গ্রেপ্তারেও অভিযান চালানো হচ্ছে।
