চলে গেলেন খুলনার শিল্পী মুক্তি মজুমদার
চলে গেলেন খুলনার বিশিষ্ট শিক্ষাবিদ ও রবীন্দ্রসংগীতশিল্পী মুক্তি মজুমদার। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন।
ফুলতলা উপজেলার পায়গ্রামের বাড়িতে বৃহস্পতিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭৫ বছর বয়সী এই শিল্পী। শুক্রবার সকাল ১০টায় ফুলতলার সিকিরহাট মহাশ্মশানে তার শেষকৃত্যানুষ্ঠান হয়।
মুক্তির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নগরীর বিশিষ্টজনেরা।
খুলনা রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক মিনা মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুক্তি মজুমদার ১৯৭৩ সালে খুলনার সরকারি বিএল বিশ্ববিদ্যালয় কলেজের দর্শন বিভাগে অধ্যাপনা পেশায় যোগ দেন এবং টানা চাকরিজীবন শেষে এখান থেকেই অবসরে যান।
তার স্বামী অধ্যাপক মুহাম্মদ কায়কোবাদ একই কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন।
স্বামী-স্ত্রী দুজনই মুক্তচিন্তা ও প্রগতিশীল আন্দোলনের সাথে যুক্ত ছিলেন বলে জানান খুলনার সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক হুমায়ূন কবীর ববি।
মুক্তির মৃত্যুতে গভীর শোক এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাসহ তার আত্মার শান্তি কামনা করেছেন খুলনার রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সভাপতি অধ্যাপক সাধন ঘোষ ও সাধারণ সম্পাদক মিনা মিজানুর রহমান, হুমায়ূন কবীর ববি, তারকচন্দ্র কুণ্ডু, অ্যাডভোকেট রকিবা খান লুবা, অধ্যাপক আনোয়ারুল কাদির, কবি অমিয় কান্তি পাল, জেসমিন জামান, অধ্যাপক মেজবাহ কামাল প্রমুখ।
