এসিড নিক্ষেপের দায়ে যুবকের যাবজ্জীবন
গাইবান্ধায় এক নারীকে এসিড নিক্ষেপের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাশেদা সুলতানা আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আব্দুল খালেক (৩২) সদর উপজেলার আনালেরতাড়ী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
একইসঙ্গে তাকে ৬০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান ওই আদালতের পিপি মো. শফিকুল ইসলাম।
মামলার নথির বরাত দিয়ে তিনি আরও জানান, ২০০৭ সালের ৬ নভেম্বর রাতে সদর উপজেলার আনালেরতাড়ী গ্রামে এক মেয়েকে এসিড ছুড়ে পালিয়ে যায়। পরদিন আব্দুল খালেককে আসামি করে একটি মামলা করেন মেয়েটির মা।
