২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসে পেট্রোল বোমা হামলা মামলায় দুইজনের সাক্ষ্য

রংপুরের মিঠাপুকুরে বাসে পেট্রোল বোমা মেরে ছয় যাত্রী হত্যা ও ৩০ জনকে দগ্ধ করার মামলায় আরও দুইজনের সাক্ষ্য নিয়েছে আদালত।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 06:20 PM

Updated : 22 Aug 2022, 01:52 PM

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি আব্দুল মালেক জানান, বৃহস্পতিবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ কামরুজ্জামানের আদালতে আসাদুজ্জামান আসাদ ও আবুল কাশেম আঙ্গুরকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। 

এ সময় সাক্ষীরা আদালতে উপস্থিত ৫১ আসামির মধ্যে বেশ কয়েকজনকে জড়িত হিসেবে শনাক্ত করেন। সাক্ষ্য শেষে আগামী ১৯ নভেম্বর পরবর্তী দিন রেখেছে আদালত। 

পিপি বলেন, এই মামলায় সাক্ষী রয়েছেন ৪৫ জন। এ নিয়ে দুই দফায় বাদীসহ তিনজনের সাক্ষ্য নেওয়া হল।

এ সময় কারাগারে থাকা ৫১ আসামিকে আদালতে হাজির করা হয়।

মামলার প্রধান আসামি মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমির এনামুল হকসহ ৮১ জন পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে আদালত।

চলতি বছরের ১৩ জানুয়ারি মধ্যরাতে মিঠাপুকুর উপজেলার বাতাসন ফতেপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে বাসে পেট্রোল বোমায় দগ্ধ হয়ে মারা যায় এক শিশুসহ ছয় জন। দগ্ধ হন ৩০ জন।

কুড়িগ্রামের উলিপুর থেকে ‘খলিল স্পেশাল’ নামের বাসটি যাত্রী নিয়ে গাজীপুর যাওয়ার পথে পেট্রোল বোমা হামলা শিকার হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে করা মামলায় জামায়াত-শিবিরের ১৩২ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।