২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কিবরিয়া হত্যা: আবার পিছিয়েছে সাক্ষ্যগ্রহণ

এবার আসামি ও আইনজীবী উপস্থিত থাকলেও সাক্ষী না আসায় সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ হয়নি।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 01:25 PM

Updated : 22 Aug 2022, 01:53 PM

Image
শাহ এ এম এস কিবরিয়া (ফাইল ছবি)

শাহ এ এম এস কিবরিয়া (ফাইল ছবি)

সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মকবুল আহসানের আদালতে বৃহস্পতিবার সকালে সাক্ষগ্রহণের তারিখ ছিল।

আদালতের পিপি কিশোর কুমার কর জানান, দুই সাক্ষী না আসায় তারিখ আবার পিছিয়ে আগামী ১৮ ও ১৯ নভেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ  করেছে আদালত।

এ নিয়ে পঞ্চমবারের মতো সাক্ষ্যগ্রহণ পেছানো হল। গত ২৮ ও ২৯ অক্টোবর এবং ৪ ও ১১ নভেম্বর মামলার সব আসামি ও তাদের আইনজীবী আদালতে উপস্থিত না হওয়ায় সাক্ষ্যগ্রহণ পেছানো হয়।  

কিশোর কুমার কর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে সাক্ষ্যগ্রহণের অষ্টম দিনে দুই সাক্ষীর সাক্ষগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও সাক্ষীরা উপস্থিত হতে না পারায় সাক্ষগ্রহণ হয়নি।

এদিন, মামলার ১৪ আসামির মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হবিগঞ্জের মেয়র জিকে গৌছসহ ১৩ আসামিকে আদালতে হাজির করা হয়।

তবে, অসুস্থতার কারণে হাজির করা হয়নি সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরীকে।

পিপি আরও বলেন, “সাক্ষগ্রহণ না হলেও আজ (বৃহস্পতিবার) সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে হাজিরা থেকে অব্যাহতির আবেদন করেছেন। শুনানি শেষে আদালত এ বিষয়ে আদেশ দেননি।” 

গত ৫ নভেম্বর সাক্ষ্যগ্রহণের ষষ্ঠ দিন হবিগঞ্জের আব্দুর রউফ ও ইরফান আলীর সাক্ষ্যগ্রহণ হয়। তাদেরসহ মামলায় ছয় জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। মোট ১৭১ জনের জবানবন্দি শুনবে আদালত।

সাক্ষ্যগ্রহণের ষষ্ঠ দিন ১৪ আসামির মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৩ জনকে আদালতে হাজির করা হয়। পরে আদালত ১১ ও ১২ নভেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন রাখে।

গত ৩০ সেপ্টেম্বর আলোচিত এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মোট ১৭১ জন সাক্ষীর মধ্যে গত ৫ নভেম্বরের আগে বাদী হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খানসহ চারজন সাক্ষ্য দেন।

১৯৯৬-২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী ছিলেন কিবরিয়া।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় তিনিসহ পাঁচজন নিহত হন।

ঘটনার রাতেই হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।

তিন দফা তদন্তের পর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার মেহেরুন নেছা পারুল ২০১৪ সালের ২১ ডিসেম্বর ৩২ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেন।

এতে সিলেটের মেয়র আরিফুল হক, হবিগঞ্জের মেয়র গৌছ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়।

হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ গত ১১ জুন মামলাটি সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠান।