নওগাঁয় ছিনতাই হওয়া গাড়ি লক্ষ্মীপুরে উদ্ধার
নওগাঁর রাণীনগরের এক মাইক্রোবাস চালককে হত্যার পর ছিনতাই হওয়া গাড়িটি লক্ষ্মীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
রাণীনগর থানার ওসি আব্দুল লতিফ খান জানান, বুধবার সকালে লক্ষ্মীপুর জেলা সদরের একটি স্কুলের মাঠে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি পাওয়া যায়।
তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
ওসি জানান, সকালে উত্তর মধুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি মাইক্রোবাস দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গাড়িটি উদ্ধার করে।
রোববার রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী আনার জন্য গাড়ি নিয়ে বের হন রহিদুল।এরপর সোমবার রাতে নওগাঁর বড়গাছা হাট সংলগ্ন খাল থেকে তার হাত-পা-মুখ বাঁধা লাশ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা রহিদুলকে হত্যার পর তার দুর্বৃত্তরা তার গাড়িটি ছিনতাই করেছে।
