জমির বিরোধে ছোট ভাইকে কুপিয়ে হত্যা
গাইবান্ধায় জমিতে ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের সময় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বড়ভাই। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু্ইজন।
সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, বুধবার সকালে সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের দক্ষিণ জামুডাঙ্গা গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
নিহত নবাব আলী (৪৫) ওই এলাকার কলম উদ্দিনের ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের বড়ভাই বড়ভাই আব্দুল মতিন (৫৫) তার স্ত্রী বেবী বেগম (৫০), তার তিন মেয়ে মাজেদা বেগম (৩৮), মোজমা বেগম (৩২), নাজমা বেগম (২৫) ও মেয়ের জামাই সাদেকুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।
ওসি জানান, পৈতিৃক জমির আট শতাংশ নবাব আলীর মালিকানায় ছিল। সম্প্রতি আব্দুল মতিন মিয়া জমির ওই অংশে মালিকানা দাবি করলে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব বাধে। এনিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশও হয়।
তিনি বলেন, সকালে মতিন মিয়া ও তার পক্ষের লোকজন ওই জমির ধান কাটতে শুরু করেন। খবর পেয়ে নবাব আলী ও তার লোকজন তাদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংর্ঘষ বাধে।
“এক পর্যায়ে মতিন ও তার লোকজন নবাব আলীকে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে কোপালে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।”
আহত ইউনুস আলী (৩৫) ও জাহিদ মিয়াকে (৩০) সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
