২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে ৪ জনকে দণ্ড

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একছাত্রসহ চার জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2015, 09:05 PM

Updated : 25 Apr 2022, 02:07 PM

মঙ্গলবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট শুক্লা সরকারের ভ্রাম্যমাণ আদালত তাদের এ দণ্ড দেয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, গাইবান্ধার সুন্দরগঞ্জের মজিবুর রহমানের ছেলে শরীফুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফিরোজ আহমেদ, বগুড়ার খান্দার এলাকার আফছার আলীর ছেলে ফজলে রাব্বী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী জামাল আহমেদ।

এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে আরও পাঁচজনকে পুলিশে দেওয়া হয়েছে।

মঙ্গলবার ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে ‘ই’ ও ‘ডি’ ইউনিটের পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর  তারিকুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ‘ই’ ইউনিটের পরীক্ষা চলার সময় অন্যের পক্ষে পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগে শরীফুল ইসলাম ও ফিরোজ আহমেদকে বহিষ্কার করে প্রক্টর দপ্তরে পাঠানো হয়। তাদের অপরাধ প্রমাণিত হওয়ায় সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শুক্লা সরকার  তাদের এক বছর করে কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিন কারাদণ্ড দেন।

এছাড়া ‘ডি’ ইউনিটের পরীক্ষার সময় উত্তরপত্রের সেট কোডের ফাঁকা বৃত্ত কলমের কালি দিয়ে পূরণ না করে কালো টিপ ব্যবহার করার অভিযোগে ফজলে রাব্বীকে এবং অন্যকে সাহায্য ও হলে বিশৃঙ্খলার অভিযোগে জামাল আহমেদকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার সকালে ‘ই’ ইউনিটের এবং দুপুরে ‘ডি’ ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবার বিশ্ববিদ্যালয়ের নয়টি অনুষদের নয়টি ইউনিটে চার হাজার ৭২২ আসনের বিপরীতে এক লাখ ৬০ হাজার ৬৮২ জন ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে।