অনন্ত হত্যা: ফারাবীসহ ৩ জনকে রিমান্ডে পেয়েছে সিআইডি
অভিজিৎ রায় হত্যা মামলার তিন আসামিকে সিলেটের ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতে পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
এরা হলেন জুলহাস বিশ্বাস, আবুল হাসান ও শফিউর রহমান ফারাবী।
এদের মধ্যে প্রথম দুইজনকে ইতোমধ্যে অনন্ত হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
মঙ্গলবার সিলেট মহানগর হাকিম আনোয়ারুল হকের আদালতে এ তিন জনকে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিন হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক আরমান আলী।
শুনানি শেষে প্রত্যেকের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করা হয় বলে জানান আদালত পুলিশের সহকারী কমিশনার (এসিপি) আব্দুল আহাদ চৌধুরী।
তিনি বলেন, গত ৪ নভেম্বর জুলহাস বিশ্বাস, জাফরান হাসান, আবুল হাসান ও শফিউর রহমান ফারাবীকে রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল সিআইডি।
“এদের মধ্যে তিনজনকে হাজির করা হলেও জাফরানকে হাজির না করায় তার ব্যাপারে শুনানি হয়নি।”
আগামী ১৯ নভেম্বর এ মামলার শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ থাকলেও মঙ্গলবার তাদের রিমান্ড আবেদনের জন্য আদালতে আনা হয় বলে জানান এসিপি আহাদ।
গত ৪ নভেম্বর শফিউর রহমান ফারাবী ছাড়া অপর তিনজনকে অন্তত হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেয় এই আদালত। ফারাবী আদালতে হাজির না থাকায় ওইদিন তার ব্যাপারে আদেশ দেওয়া হয়নি।
অনন্ত হত্যা মামলায় এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১২ মে সিলেটের সুবিদবাজারে নিজের বাসার সামনে কুপিয়ে খুন করা হয় বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশকে।
অনন্ত হত্যা মামলায় সিলেটের ফটোসাংবাদিক ইদ্রিস আলী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মান্নান রাহী ও তার ভাই মোহাইমিন নোমান এবং আবুল খায়েরকে গ্রেপ্তার করে পুলিশ।
এদের মধ্যে মান্নান রাহী অনন্ত হত্যায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।
এর আগে বিজ্ঞান লেখক ও ব্লগার অভিজিৎ হত্যা মামলায় গ্রেপ্তার পাঁচজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মো. তৌহিদুর রহমান, আমিনুল মল্লিক, আরিফুল ইসলাম, জাকিরুল প্রকাশ ও সাদেক আলী মিঠুকেও এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের পাঁচ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি।
