২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাথা কেটে যুবক হত্যা, স্ত্রী গ্রেপ্তার

সিলেটে জঙ্গল থেকে এক ব্যক্তির মাথাবিহীন দেহ উদ্ধারের পর পুলিশ জানিয়েছে ছয়দিন আগে স্ত্রী তাকে হত্যা করেছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2015, 11:40 AM

Updated : 25 Apr 2022, 02:07 PM

সদর উপজেলার শাহপরান থানার মোকামেরগুল এলাকা থেকে সোমবার নিহতের স্ত্রী পারভীন আক্তারকে (৩৬) গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে পারভীনের দেওয়া তথ্য থেকে শাহপরান থানার ওসি নিজাম উদ্দিন চৌধুরী জানান, আলী হোসেন প্রায় সময় তাকে নির্যাতন করতেন। নির্যাতন সহ্য করতে না পেরে মাসখানেক ধরে স্বামীকে হত্যার পরিকল্পনা করেন তিনি।

“গত ৪ নভেম্বর ভোররাতে ঘুমন্ত অবস্থায় দুই কোপে স্বামীর মাথা বিচ্ছিন্ন করেন পারভীন। এরপর মাথাটি পার্শ্ববর্তী একটি টিলায় গর্তে পুঁতে রাখেন।

“ধরটি প্রথমে ঘরের মেঝেতে পুঁতে রাখেন, পরে ৫ নভেম্বর রাতে রশি দিয়ে টেনে নিয়ে জঙ্গলে ফেলে আসেন।”  

ওসি বলেন, হত্যাকাণ্ডের ছয় দিনের মাথায় সোমবার মোকামেরগুল বাড়ির পাশের জঙ্গল থেকে আলী হোসেনের মুণ্ডুবিহীন দেহ উদ্ধার করা হয়।

“পারভীনকে আটককালে ঘর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা একটি রাম দা উদ্ধার করে পুলিশ।”

ওসি বলেন, রোববার বিকালে নিহতের স্বজনরা জাফলং থেকে এসে শাহপরান থানায় জিডি করেন।

“ওই জিডির সূত্র ধরে পারভীনকে আটক করা হয়। এরপর পারভীনের দেওয়া তথ্য অনুসারে তার স্বামী আলী হোসেনের (২৬) খণ্ডিত দেহ উদ্ধার করা হয়।”

ওসি সাংবাদিকদের জানান, পাথর ব্যবসায়ী আলী হোসেন গোয়াইনঘাট উপজেলার জাফলং ইউনিয়নের রহমতপুর গ্রামের মুক্তিযোদ্ধা মৃত শফিকুর রহমানের ছেলে।

তিন বছর আগে সিলেট সদরের শাহপরান থানার দাশপাড়া এলাকার সুরুজ আলীর মেয়ে পারভীন আক্তারকে বিয়ে করেন তিনি।

তিনি মোকামেরগুলে স্ত্রী পারভীনকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। পারভীন সুরুজ আলীর তৃতীয় স্ত্রী। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়ে গেছে। প্রথম স্ত্রী জাফলংয়ে গ্রামের বাড়িতে থাকেন।

এ ঘটনায় নিহতের ভাই জমির হোসেন প্রথমে একটি জিডি করলেও পরে হত্যা মামলা দায়ের করেন বলে জানান ওসি।

জমির হোসেন  বলেন, “৪ নভেম্বর থেকে ভাইয়ের খোঁজ পাইনি। অজ্ঞাত একটি নম্বর থেকে এক লোক মোবাইল ফোনে ভাইয়ের বন্ধু পরিচয় দিয়ে হত্যাকাণ্ডের কথা জানায়।”