রাঙামাটি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু, জেএসএসের নিন্দা
আঞ্চলিক রাজনৈতিক বিরোধিতায় ১০ মাস পর রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে।
সোমবার শহরের তবলছড়ি শাহ উচ্চ বিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হয়।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ব্যবস্থাপনা বিভাগের প্রথম ব্যাচের ৭৫ জন শিক্ষার্থী নিয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন। শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে মিষ্টি মুখও করানো হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, সেনাবাহিনীর রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মালেক সামস উদ্দিন, জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিস্থাপন করেন।
২০১৪-১৫ শিক্ষাবর্ষে দুটি বিভাগে ৭৫ জন শিক্ষার্থী ভর্তি হয়। কিন্তু পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) বিরোধিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু করা যায়নি।
বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর নিন্দা জানিয়ে এর বিরুদ্ধেও আন্দোলনের ঘোষণা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা নেতৃত্বাধীন সংগঠনটি।
সোমবার সংগঠনটির কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সহ-সম্পাদক সজীব চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর প্রহরায় বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরুর প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।
এতে বলা হয়েছে, “জনমতের বিপরীতে বিতর্কিত রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের কার্যক্রম শুরু করার ফল কখনোই শুভ হতে পারে না। আপামর জনগণকে সাথে নিয়ে এ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব।”
জেএসএস বলছে, পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষার ভিত্তি মজবুত না করে এখানে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হলে তারা আরও প্রান্তিক অবস্থানে চলে যাবে।
