রংপুরে কৃষক হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
এক কৃষককে হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে রংপুরের একটি আদালত।
সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত রিপন মিয়ার (৪০) বাড়ি মিঠাপুকুর উপজেলার আশকরপুর গ্রামে।
একইসঙ্গে বিচারক তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন বলে জানান আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি ফারুক মোহাম্মদ রেয়াজুল করীম।
মামলার নথি থেকে জানা যায়, প্রতিবেশী কৃষক শাহেদ মিয়ার সঙ্গে রিপন মিয়ার কলহ চলছিল। ২০০৯ সালের ৩০ সেপ্টেম্বর দুপুরে শাহেদ মিয়া (৫৫) ছেলে বকুল মিয়াকে (৪০) নিয়ে রিকশাভ্যানে করে মিঠাপুকুর বাজারে যাচ্ছিলেন।
তারা রিপন মিয়ার বাড়ির সামনে পৌঁছলে তাদের ওপর হামলা হয়। এসময় রিপন মিয়া লোহার রড দিয়ে শাহেদ মিয়ার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওইদিন রাতেই নিহতের ছেলে বকুল মিয়া বাদী হয়ে রিপনসহ তিনজনকে আসামি করে মিঠাপুকুর থানায় হত্যা মামলা করেন।
পরে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় জেলা গোয়েন্দা পুলিশকে। ২০১০ সালের ২২ নভেম্বর রিপন মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ।
