২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বাহাই সম্প্রদায়ের নেতাকে গুলি

রংপুর শহরে বাহাই সম্প্রদায়ের এক নেতাকে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত। 

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2015, 11:30 AM

Updated : 25 Apr 2022, 02:07 PM

রোববার সকালে নগরীর আরকে রোডে এ ঘটনা ঘটে বলে কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান।

গুলিবিদ্ধ রুহুল আমিন (৪৪)রংপুর বাহাই কেন্দ্রের পরিচালক এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের ব্যক্তিগত সহকারী (পিএস)। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

রুহুল আমিনের স্ত্রী শামসুন নাহার (৩০) হামলার সময় স্বামীর সঙ্গে একই রিকশায় ছিলেন। তবে তিনি সুস্থ রয়েছেন।

শামসুন নাহার বলেন, সকালে বাড়ি থেকে বেরিয়ে রিকশায় ওঠার সময় মোটরসাইকেলে করে আসা তিনজন রুহুলের দিকে দুটি গুলি ছোড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান সৈয়দ আব্দুল তালেব বলেন, “রুহুল আমিনের বাঁ পা ও কাঁধে গুলি লেগেছে। তার অস্ত্রোপচার চলছে।”

ওসি বলেন, “রুহুল আমিনকে কেন গুলি করা হয়েছে তা জানতে পারিনি। তবে হাসপাতালের কর্মচারীদের সিন্ডিকেট নিয়ে কোনো জটিলতায় এ হামলা হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।”