২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা মেডিকেলের অচলাবস্থা কাটেনি

সাতক্ষীরা মেডিকেল কলেজকে পূর্ণাঙ্গ করার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সৃষ্ট অচলবস্থা ছয়দিনেও নিরসন হয়নি।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 09:56 PM

Updated : 25 Apr 2022, 02:05 PM

বৃহস্পতিবার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সরকারের প্রতিনিধি দলের বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে বলে জানিয়েছেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান।

তিনি বলেন, “সভায় ৩০ ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ হাসপাতাল চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। কিন্তু শিক্ষার্থীরা সেটি গ্রহণ না করায় কোনো সমাধান ছাড়াই বৈঠক শেষ হয়েছে।”

এ পরিস্থিতিতে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে পূর্ণাঙ্গ করার দাবিতে গত শনিবার আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সরজমিনে কলেজ ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, সকালে শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান নিয়ে ক্লাস বর্জন করে মিছিল করেন। পরে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বৈঠকে দাবি পূরণ না হওয়ায় তারা আন্দোলন চালিয়ে যাবেন। পূর্ণাঙ্গ হাসপাতাল চালু না হলে ক্লাসে ফিরবে না কেউ।

সভায় শিক্ষার্থীদের আন্দোলনের সমন্বয়কারী আলমগীর হোসেন বলেন, “আমাদের এমবিবিএস কোর্স প্রায় শেষ পর্যায়ে, কিন্তু আমরা জানি না কোন কোন বিষয়ে পড়ানো হয়, কী পড়ানো হয়।”

সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীরা দাবি না করলেও সাতক্ষীরা মেডিকেল কলেজ পূর্ণাঙ্গ হাসপাতাল পেত। এটি কোন দাবীই না। হাসপাতালে ৭ জন ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে। তারা আগামী ৪ দিনের মধ্যে যোগদান করবে।

তিনি আরও বলেন, “তোমাদের ক্লিনিক্যাল কাজ সদর হাসপাতালে কর। আমরা আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ হাসপাতাল চালু করার ব্যবস্থা করব। তোমরা ক্লাসে ফিরে যাও-আমাদের সময় দাও।”

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (মেডিকেল শিক্ষা) ডা. আব্দুর রহিম জানান, শিক্ষার্থীদের যে দাবিগুলো পূরণ এ মুহূর্তে পূরণ না করলেই নয় সেগুলো দ্রুত পূরণ করা হবে।

এ সময় তিনি শিক্ষার্থীদের আন্দোলন না করে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান।

সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান বলেন, “শিক্ষার্থীদের দাবিগুলো প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। স্বাস্থ্য সচিবের সঙ্গেও কথা হয়েছে। তারা দ্রুত সমাধান করার আশ্বাস দিয়েছেন।”

আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে সরকারি প্রতিনিধিদের সভায় কলেজের অধ্যক্ষ কাজী হাবিবুর রহমান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আব্দুর রহিম, জেলা প্রশাসক নাজমুল আহসান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি মোখলেছুর রহমান, জেলা বিএমএর সাধারণ সম্পাদক আজিজুর রহমান, শিক্ষার্থীদের আন্দোলনের প্রধান সমন্বয়কারী আলমগীর হোসেন, তানভীর হোসেন মিনাক কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।