খুনিদের ধরতে সরকার আন্তরিক নয়: জাফর ইকবাল
মুক্তমনা লেখক, প্রকাশক ও ব্লগারদের হত্যাকারীদের ধরতে সরকার আন্তরিক নয় বলে মন্তব্য করেছেন লেখক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল
হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সমালোচনা করে তিনি বলেন, একই দিনে একই সময়ে দুই জায়গায় দুইজন লেখক প্রকাশকের উপর হামলা হয়েছে। ঘটনাক্রমে একজন বেঁচে গেছেন, অন্যজন বাঁচেন নাই।
“এরপরও এটা বিচ্ছিন্ন বলা হয় কীভাবে? হয় আমি বিচ্ছিন্নের মানে জানি না অথবা উনি বিচ্ছিন্নের মানে বোঝেন না।”
বুধবার দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে লেখক প্রকাশক হত্যার প্রতিবাদে এক সমাবেশে তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে মৌলবাদী জঙ্গিবাদীরা হামলা করছে।
“এটা তারা করবে, এটা আমরা বুঝতে পারি। কিন্তু যে জিনিসটা আমরা বুঝতে পারি না তা হলো আমাদের সরকার কেন এত নির্লিপ্ত!
“এই ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ নাই যে, সরকার এদেরকে ধরার ব্যাপারে আন্তরিক না। যদি আন্তরিক হতো, তবে সরকার এদেরকে ধরতে পারত।”
ইতালীয় হত্যাকারীদের খোঁজাখুঁজি করে ধরে ফেলেছে উল্লেখ করে তিনি বলেন, সেই অভিজিৎ থেকে শুরু করে এখন পর্যন্ত যাদের হত্যা করেছে তাদের কাউকেই ধরতে পারে নাই।
“আমি এটাকে বিশ্লেষণ করি এভাবে- কোনো একটা কারণে সরকার মনে করে যে এদের ধরার দরকার নাই।”
সরকার মনে করে, যাদের হত্যা করা হয়েছে তারা হচ্ছে ব্লগার। ব্লগার শব্দটা এখন একটা অভিশপ্ত শব্দ। যদিও এমনটা হওয়ার কথা না, বলেন তিনি।
মুক্তমনা লেখক, ব্লগার ও প্রকাশকদের উপর হামলা ও হত্যার প্রতিবাদে মৌন মিছিল করে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের টিচার্স ক্যান্টিন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে সমাবেশ করে।
পরিষদের আহ্বায়ক অধ্যাপক সৈয়দ সামসুল আলমের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোস্তাবুর রহমানের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ইয়াসমিন হক, অধ্যাপক নাজিয়া চৌধুরী, অধ্যাপক দীপেন দেবনাথ প্রমুখ।
