২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণ ব্যাংকের তিন কর্মকর্তার বিরুদ্ধে ১১ মামলা

গ্রাহকের ১৬ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে গ্রামীণ ব্যাংকের তিন কর্মকর্তার বিরুদ্ধে পৃথক ১১টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2015, 03:57 PM

Updated : 22 Aug 2022, 01:46 PM

কমিশনের টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক রামপ্রসাদ মণ্ডল জামালপুর সদর থানায় মঙ্গলবার রাতে এসব মামলা করেন।

থানার ওসি মো. আব্দুল আউয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মামলাটির বিভিন্ন তথ্য জানিয়েছেন।

আসামিরা হলেন গ্রামীণ ব্যাংকের ছনকান্দা শাখার সাবেক দুই শাখা ব্যবস্থাপক মো. আলী আজগর ও মো. ইকবাল হোসেন চৌধুরী এবং সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক মো. আব্দুল ওহাব।

ওসি আব্দুল আউয়াল বলেন, “তিন আসামি ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত ব্যাংকের ওই শাখায় কর্মরত থাকার সময় ১৬ লাখ ৩৪ হাজার ৬৬৬ টাকা আত্মসা করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

“মামলায় বলা হয়েছে, আসামিরা সাত ব্যক্তি ও চার প্রতিষ্ঠানকে ঋণ না দিয়েও ঋণ বিতরণ দেখিয়ে, আদায়কৃত টাকা ব্যাংকে জমা না দিয়ে এবং চেক জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাৎ করেছেন।”

আসামিদের মধ্যে মো. আলী আজগরের সাথে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোনে বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। তিনি এ ব্যাপারে লিখিত জবাব দিয়েছেন বলে জানান।

অন্য দুজনের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের সাথে যোগাযোগ করা যায়নি।