২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাকিব হত্যা মামলার রায় ৮ নভেম্বর

খুলনায় মলদ্বার দিয়ে বাতাস ঢুকিয়ে শিশু রাকিব হাওলাদার (১২) হত্যা মামলার রায় আগামী ৮ নভেম্বর দেওয়া হবে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2015, 06:03 PM

Updated : 22 Aug 2022, 01:44 PM

রোববার যুক্তিতর্ক শেষে খুলনা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলতানা রায় ঘোষণার এই দিন রাখেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার সমন্বয়কারী মোমিনুল ইসলাম।

তিনি জানান, পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী রোববার শিশু রাকিব হত্যা মামলার যুক্তিতর্ক শেষ হয়। এ সময় তিন আসামি ওমর শরীফ, তার মা বিউটি বেগম ও চাচা মিন্টু খান কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

যুক্তিতর্কে রাষ্ট্রপক্ষের আইনজীবী সুলতানা রহমান মামলায় আনা অভিযোগ ও পারিপার্শ্বিক অবস্থা সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে বলে দাবি করেন, বলেন মোমিনুল।

বাদীপক্ষে অন্যান্য আইনজীবীদের মধ্যে ছিলেন জেলা পিপি কাজী আবু শাহীন, দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি এনামুল হক, আইনজীবী কণিষ্ঠা ধর ও লায়লা আঞ্জুমান।

যুক্তিতর্কে আসামিপক্ষের আইনজীবী তৌহিদুর রহমান তুষার রাষ্ট্রপক্ষ মামলার অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে বলে দাবি করেন।

গত ৩ অগাস্ট নগরীর টুটুপাড়া কবরখানা মোড়ের মোটরসাইকেলে হাওয়া দেওয়া কমপ্রেসার মেশিনের মাধ্যমে মলদ্বারে হাওয়া ঢুকিয়ে হত্যা করা হয় রাকিবকে।

এ ঘটনায় জড়িত অভিযোগে টুটপাড়ার শরীফ মটর্সের মালিক ওমর শরীফ, তার মা বিউটি বেগম এবং চাচা মিন্টু খানকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন রাকিবের বাবা নুর আলম হাওলাদার বাদী হয়ে ওই তিনজনকে আসামি করে খুলনা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

গত ২৫ অগাস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা খুলনা সদর থানার এসআই কাজী মোস্তাক আহমেদ তিনজনকে আসামি করে খুলনা মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দেন।

গত ৫ অক্টোবর খুলনা মহানগর ও দায়রা জজ আদালত বিচার শুরুর আদেশ দেয়।

রাকিব টুটপাড়া সেন্ট্রাল রোডের মো. আলমের ছেলে। সে টুটপাড়া কবরস্থানের কাছে শরীফের মোটর সাইকেল ওয়ার্কশপ ‘শরীফ মোটরসে’ কাজ করত।

রাকিবের লাশের ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়, মলদ্বার দিয়ে কম্প্রেসার মেশিনের মাধ্যমে দেওয়া  বাতাসের চাপে ওই কিশোরের পেটের ভেতরের  নাড়ি, মলদ্বার,  ‍মুত্রথলি ফেটে যায়। এছাড়া পেটের ভেতরে অতিমাত্রায় রক্তক্ষরণ হয় এবং তা ছড়িয়ে পড়ে। রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়।