২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যার ১৯ বছর পর ৩ জনের যাবজ্জীবন

দুই পুলিশকে হত্যা মামলার সাক্ষী এক যুবককে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন দিয়েছে বাগেরহাটের এক আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2015, 03:03 PM

Updated : 22 Aug 2022, 01:44 PM

রোববার সকালে বাগেরহাট জেলা ও দায়রা জজ মিজানুর রহমান খান ১৯৯৬ সালে সাক্ষী তুষার মোড়ল হত্যা মামলার ১২ আসামির মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ছয়জনকে খালাস এবং মারা যাওয়ায় তিনজনকে অব্যাহতি দেন।

আদালত সাজাপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডাদেশ দেন বলেও জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শেখ মোহম্মদ আলী।

তিনি বলেন, “ব্যবসায়ী তুষার মোড়ল হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন দেওয়ায় আমরা সন্তুষ্ট।”

দণ্ডপ্রাপ্তরা হলেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার মৌভোগ গ্রামের বেলায়েত শেখের ছেলে লিয়াকত শেখ (৪০), মোক্তার শেখের ছেলে কাশেম শেখ এবং যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা কাজীপাড়া এলাকার নুরুল ইসলামর ছেলে ইমামুল ইসলাম লিটন।

রায় ঘোষণার সময় লিয়াকত শেখ আদালতে উপস্হিত ছিলেন।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জানান, ১৯৯৬ সালর ২ সেপ্টেম্বর রাত ৮টার দিকে ফকিরহাট উপজেলার মানসা বাজারের বিমলের চায়ের দোকানে বসে ব্যবসায়ী তুষার মোড়ল চা পান করছিলেন। এ সময় ১৫-২০ জন সশস্ত্র সন্ত্রাসী তুষারকে গুলি করে এবং এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

পরদিন নিহতের বড় ভাই নলধা মৌভোগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজাহার মোড়ল বাদী হয়ে ফকিরহাট থানায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও সাত-আটজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

তুষার  হত্যকাণ্ডের তদন্ত শেষে ১৯৯৭ সালর ৫ অক্টোবর তৎকালীন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই হাবিবুর রহমান ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের দেওয়া রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামি পক্ষের আইনজীবী জাহিদ হোসেন উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।