অবৈধপথে সীমান্ত পারাপারের সময় বেনাপোলে আটক ২৭
অবৈধপথে সীমান্ত পারাপারের সময় বেনাপোলে নারীসহ ২৭ জনকে আটক করেছে বিজিবি।
বিজিবি পুটখালি ক্যাম্পের সুবেদার ফরিদ উদ্দিন জানান, শুক্রবার রাত ১১টায় বেনাপোলের পুটখালি সীমান্তের চরের মাঠ থেকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে ১১ নারী ও দুই শিশু রয়েছে। এদের বাড়ি নড়াইল, খুলনা, সাতক্ষীরা ও রাজশাহীর বিভিন্ন এলাকায়। ভাল কাজের প্রলোভনে ভারতে গিয়ে তারা বাসা-বাড়ি ও কল কারখানায় কাজ করতেন বলে জানান তিনি।
সুবেদার ফরিদ বলেন, অবৈধভাবে সীমান্ত পার হয়ে একদল নারী ও পুরুষ এপারে এসেছে এমন গোপন খবর পেয়ে বিজিবির টহলদল অভিযান চালিয়ে তাদের আটক করে। তবে ওই সময় পাচারকারিরা পালিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, অবৈধ পারাপারের অভিযোগে মামলার পর আটকদের পুলিশে হস্তান্তর করেছে বিজিবি।
