দুজনের বিতণ্ডায় প্রাণ গেল আত্মীয়ের
সিরাজগঞ্জের এনায়েতপুর বাজারে দুই ব্যক্তির মধ্যে বিতণ্ডার জের ধরে হামলা চালিয়ে একজনের আত্মীয়কে হত্যা করা হয়েছে।
নিহত আব্দুল কাদের (৩৫) বেলকুচি উপজেলার সালদাইড় গ্রামের নূরু মিয়ার ছেলে।
এনায়েতপুর থানার ওসি মনিরুল ইসলাম জানান, রোববার রাতে স্থানীয় আজুগড়া বাজারে হামলায় আব্দুল কাদের সোমবার ভোরে হাসপাতালে মারা যান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার বিকালে এনায়েতপুর বাজারে স্থানীয় শামছুল ইসলাম ও নান্নু বিশ্বাসের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শামসুলকে মারধর করেন নান্নু বিশ্বাস। সন্ধ্যায় শামছুল লোকজন নিয়ে নান্নুর বাড়িতে হামলা চালিয়ে একটি মোটরসাইকেল ও ঘরবাড়ি ভাঙচুর করে।
ওসি মনিরুল বলেন, “এর জের ধরে রাত ১১টার দিকে নান্নু তার লোকজন নিয়ে আজুগড়া বাজারে গিয়ে শামছুলের ভগ্নিপতি আব্দুল কাদেরের উপর হামলা করে তাকে ছুরিকাঘাত করেন।”
স্থানীয়রা কাদেরকে খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী আমেনা খাতুন বাদী হয়ে ১৪ জনকে আসামি করে একটি মামলা করেছেন।
