মুন্সীগঞ্জে ফাঁসির আসামির গলাকাটা লাশ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পলাতক এক ফাঁসির আসামির গলাকাটা লাশ পেয়েছে পুলিশ।
নিহত মো. দীপু (৩৫) ধামারন গ্রামের মৃত শামসুল হকের ছেলে।
মুন্সীগঞ্জের সিনিয়র এএসপি মো. এমদাদ হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সকালে ধামারন গ্রামে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
“তার বিরুদ্ধে নারায়ণঞ্জ থানায় অপহরণ, গুম, ছিনতাই ও হত্যার অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। একটি মামলায় নিম্ন আদালত তাকে ফাঁসির রায় দিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তার বিরুদ্ধে ওয়ারেন্ট পেন্ডিং ছিল।”
তবে কারা কী কারণে তাকে খুন করেছে তা জানাতে পারেনি পুলিশ।
ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
