জয়পুরহাটে কথিত বন্ধুকযুদ্ধে ‘ডাকাত’ নিহত
জয়পুরহাট সদর উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন, যিনি ডাকাত বলে দাবি পুলিশের।
শুক্রবার গভীর রাতে উপজেলা কোমরগ্রাম এলাকায় জয়পুরহাট-বগুড়া মহাসড়কে ডাকাতির সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে বলে জয়পুরহাট সদর থানার ওসি ফরিদ হোসেন জানান।
তবে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেন নি তিনি।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোমরগ্রাম এলাকায় সড়কে গাছ ফেলে যানবাহনে ডাকাতির চেষ্টা করছিল একদল দুর্বৃত্ত। এ সময় টহল পুলিশ সেখানে পৌঁছে তাদের ধাওয়া করে। পালানোর সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়।
“পরে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”
