শিশুকে গুলি: এমপির অস্ত্র ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু
গাইবান্ধার সুন্দরগঞ্জে এক শিশুর পায়ে গুলি করার অভিযোগ ওঠার প্রেক্ষিতে স্থানীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের পিস্তল ও শটগান ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
কয়েকদিনের মধ্যে সাংসদের ব্যবহার করা অস্ত্র দুটি প্রত্যাহারের জন্য পুলিশের একটি তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে বলে শনিবার দুপুরে সাংবাদিকদের জানিয়েছেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মো. আশরাফুল আলম।
আট বছরের শিশু সৌরভের দুই পায়ে গুলির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এমপি লিটনের নিরাপত্তার জন্য একটি পিস্তুল ও একটি শটগান ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু তিনি অস্ত্র দুটি বিভিন্ন অপকর্ম ও অনৈতিক কাজে ব্যবহার করে আসছেন বলে অভিযোগ রয়েছে।”
“এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে অহেতুক পিস্তল ও শটগানের গুলি ছুড়ে সাধারণ মানুষের মধ্যে আতষ্ক সৃষ্টি করার একাধিক অভিযোগ পুলিশের কাছে রয়েছে।”
মঞ্জুরুল ইসলাম লিটন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবং সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
শুক্রবার ভোরে উপজেলা শহরের ব্র্যাক মোড়ের গোপালচরণ এলাকায় কালাইয়ের ব্রিজের কাছে সাংসদ লিটনের ছোড়া গুলিতে শাহাদাত হোসেন সৌরভ (৮) নামে এক শিশু দুইপায়ে গুলিবিদ্ধ হয়।
এলাকাবাসীর অভিযোগ, এমপি লিটন প্রায় প্রতিদিনই মাতাল অবস্থায় ভোরের দিকে বাড়ি ফেরেন। ঘটনার দিন ভোর ৬টার দিকে নিজের গাড়িতে করে সুন্দরগঞ্জ থেকে বামনডাঙ্গায় বাড়ি ফেরার পথে তিনি গুলি ছোড়েন।
সাংসদ লিটন এলোপাথারি পরপর পাঁচ রাউন্ড গুলি ছুড়লে দুটি গুলি সৌরভের দুই পায়ে বিদ্ধ হয় এবং একটি গুলি পাশে দাঁড়িয়ে থাকা তাজুল ইসলাম নামে আরেক ব্যক্তির পরনের কাপড় ভেদ করে বেরিয়ে যায়।
শিশু সৌরভের পায়ে গুলির ঘটনা ছাড়াও সাংসদ লিটন তার লাইসেন্স করা দুটি অস্ত্রের অপব্যবহার করে বিভিন্ন সময়ে মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করায় শনিবার থেকে তার অস্ত্র প্রত্যাহারের প্রক্রিয়া করা হয়েছে বলে জানান গাইবান্ধার পুলিশ সুপার।
তবে সাংসদের অস্ত্র প্রত্যাহারের বিষয়ে পুলিশি প্রক্রিয়ার বিষয়ে অবহিত নন বলে জানিয়েছেন গাইবান্ধার জেলা প্রশাসক আবদুস সামাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “অস্ত্র প্রত্যাহার নিয়ে শনিবার দুপুর পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো প্রতিবেদন পাইনি। তবে পুলিশের প্রতিবেদন পেলে অবশ্যই অস্ত্র প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
