ভোলায় লঞ্চ থেকে কারেন্ট জাল উদ্ধার
ভোলায় মেঘনা নদীতে একটি যাত্রীবাহী লঞ্চ থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার সকালে ইলিশা বিশ্বরোড এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান কোস্ট গার্ড দক্ষিণ জোনের কমান্ডিং অফিসার মো. জানে আলম।
তিনি বলেন, ঢাকা-দৌলতখান রুটের যাত্রীবাহী লঞ্চ ‘এম ভি ফ্লটিলা’ থেকে কারেন্ট জাল নিয়ে ঢাকা থেকে দৌলতখান যাচ্ছে সংবাদ পেয়ে অভিযান চালানো হয়।
“ওই লঞ্চে তল্লাশি চালিয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জালগুলো বিশ্বরোড লঞ্চ ঘাট এলাকায় পুড়িয়ে ফেলা হয়।”
এ জালের মূল্য প্রায় বিশ লাখ টাকা। এগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি বলে জানান তিনি।
