রংপুরে আরেকজনের মৃত্যু, ২ পুলিশ প্রত্যাহার
রংপুর নগরীতে মদের বিষক্রিয়ায় অসুস্থ আরেকজনের মৃত্যু হয়েছে।
এদিকে, এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তাকে কোতোয়ালি থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার বেলা দেড়টায় নগরীর ডিমলা এলাকায় নিজ বাড়িতে মারা যান মৃত আবুল হোসেনের ছেলে জহুরুল ইসলাম (৪৫)। তিনি পেশায় কসাই ছিলেন।
এ নিয়ে মদের বিষক্রিয়ায় এ পর্যন্ত আটজনের মৃত্যু হলো।
অপর সাতজন হলেন তাজহাট বিহারীপাড়ার নাসিম (৪০), তার ছোট ভাই মনু (৩০), একই এলাকার মজিদ (৩৫), গফুর (৩০), খুশি দাস (৩২), আবদুল আজিজ (৫০) ও পাশের বালাটারি এলাকার আজমেরি (৩৫)।
সোমবার রাতে নগরীর মাহিগঞ্জের তাজহাট বিহারীপাড়ায় মদ বিক্রেতা আব্দুর রহিম ছইয়ার বাড়িতে মদপান করার পর একে একে মারা যান তারা।
জহুরুলের স্ত্রী আমেনা বেগমের বরাত দিয়ে মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই আফওয়াজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আব্দুর রহিম ছইয়ার বাড়িতে মদ পান করে অসুস্থ হন জহুরুল। স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়ে বাসায় ছিলেন তিনি।
“বুধবার বেলা ১টার দিকে অতিরিক্ত মাত্রায় বমি করার এক পর্যায়ে তার মৃত্যু হয়।”
জহুরুলের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এসআই আফওয়াজুল।
এদিকে মদ পানে আটজনের মৃত্যুর ঘটনায় মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই আজিজুল হক ও এএসআই আলী হাসানকে বুধবার প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এছাড়া বদলি করা হয়েছে কনস্টেবল আবু বক্করকে।
পুলিশ সুপার আব্দুর রাজ্জাক বলেন, ফাঁড়ি সংলগ্ন এলাকায় মদ বিক্রি হতো। অথচ ফাঁড়ির কর্মকর্তারা মদ বিক্রেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। দায়িত্বে অবহেলার কারণে এসআই আজিজুল হক ও এএসআই আলী হাসানকে প্রত্যাহার করা হয়েছে।
“দায়িত্বে অবহেলার কারণে আটজনের মৃত্যুর জন্য এই দুই কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এছাড়া মদ বিক্রেতার কাছ থেকে মাসোহারা নেওয়ার অভিযোগে কনস্টেবল আবু বক্করকে অন্যত্র বদলি করা হয়েছে বলে জানান এসপি রাজ্জাক।
কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, “মদের বিষক্রিয়ায় আটজনের মৃত্যুর ঘটনায় নিহত নাসিম ও মনুর বড় ভাই আমিন মিয়া বাদী হয়ে মঙ্গলবার রাতে মদ বিক্রেতা আব্দুর রহিম ছইয়া, তার স্ত্রী হোসনে আরা ও ছেলে মিঠু মিয়াসহ ২৪ জনের নামে হত্যা মামলা করেছেন।
আসামিদের মধ্যে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তারে বিলম্ব হচ্ছে। তবে তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।
