ভোলায় সাপের কামড়ে শিক্ষিকার মৃত্যু
ভোলার চরফ্যাশন উপজেলায় সাপের কামড়ে এক প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যু হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জালাল আহম্মেদ জানান, সোমবার রাতে চরফ্যাশন পৌর এলাকায় নিজ বাসায় তাকে সাপে কাটে।
মৃত ফারজানা কামাল (২৮) চর আফজাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।
ফারজানার স্বামী চরফ্যাশন সরকারি মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক কামাল জানান, রাতে তার স্ত্রীকে সাপে দংশন করে। ভোলা সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফারজানা-কামাল দম্পতির ১১ বছর বয়সী এক মেয়ে আছে।
