হবিগঞ্জে আধিপত্যের সংঘর্ষে নিহত ১
আধিপত্য বিস্তার নিয়ে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দুপক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন, আহত হন অন্তত ৩০ জন।
শনিবার দুপুরে মন্দরী ইউনিয়নে এ ঘটনায় নিহত জয়নাল মিয়া স্থানীয় বাসিন্দা বলে জানান বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী।
টেটাবিদ্ধ হয়ে আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় জানাতে পারেননি তিনি।
ওসি বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মন্দরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামছু মিয়া ও বর্তমান সদস্য আলফি মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
“দুপুরে সামছুর লোকজন মন্দরী গ্রাম সংলগ্ন হাওর এলাকার একটি জমি দখল করতে গেলে বাধা দেয় আলফির সমর্থকেরা। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।”
সংঘর্ষ চলাকালে ঘটনাস্থলেই জয়নালের মৃত্যু হয় বলে জানান তিনি।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি।
