২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরবের সঙ্গে মিল রেখে কোরবানি কয়েকশ গ্রামে

চাঁদপুর, দিনাজপুর, পটুয়াখালীসহ বিভিন্ন জেলার কয়েকশ গ্রামে বৃহস্পতিবার কোরবানির ঈদ উদযাপিত হচ্ছে আরবের সঙ্গে মিল রেখে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2015, 06:23 PM

Updated : 22 Aug 2022, 01:17 PM

১৫ সেপ্টেম্বর জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় বাংলাদেশের বেশিরভাগ মুসলমান ঈদ করবেন শুক্রবার। তবে একদিন আগে চাঁদ দেখায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বৃহস্পতিবার ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।

বাংলাদেশের কয়েকটি জেলায় বিভিন্ন পীরের অনুসারীরা বরাবরই রোজা, ঈদ, শবে-বরাত, শবে-মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পালন করেন।

বিভিন্ন জেলা থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর-

পটুয়াখালী

সৌদি আরবের সাথে সংঙ্গতি রেখে পটুয়াখালী সদরসহ বিভিন্ন উপজেলার ২২ গ্রামের অন্তত ২০ হাজার মুসলমান ঈদুল  আজহা উদযাপন করছেন বৃহস্পতিবার।

সকাল ৯টায় সদর উপজেলার বদরপুর দরবার শরীফ জামে মসজিদে কয়েক হাজার মানুষ ঈদ জামাতে অংশ নেন।

বদরপুর দরবার শরীফের খাদেম মো. নাজমুস শাহাদাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  সৌদি আরবের সাথে মিল রেখে ১৯২৮ সাল থেকে এখানকার গ্রামবাসীরা ঈদ উদযাপন ও পশু কোরবানি দিয়ে আসছেন।

পটুয়াখালী সদর উপজেলায় পাঁচটি, দুমকী উপজেলায় দুটি, মির্জাগঞ্জ উপজেলায় তিনটি, বাউফল উপজেলায় তিনটি, গলাচিপা উপজেলায় তিনটি এবং কলাপাড়া উপজেলায় ছয় গ্রামের প্রায় ২০ হাজার মুসলমান এদিন ঈদ করছেন।

স্থানীয়ভাবে এরা চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও বদরপুর দরবার শরীফ এবং চানটুপির অনুসারী হিসেবে পরিচিত।

দিনাজপুর

দিনাজপুর সদরসহ জেলার চারটি উপজেলার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।

দিনাজপুর শহরের ড্যাফোডিল কমিউনিটি সেন্টারে সকাল সাড়ে ৮টায় ঈদের জামায়াতে ইমামতি করেন মাওলানা রউফ উদ্দিন।

দিনাজপুর শহরের বিভিন্ন এলাকা থেকে আসা দুই শতাধিক মুসলমান সেখানে নামাজ আদায় করেন। নামাজ শেষে তারা বাড়িতে ফিরে পশু কোরবানি করেন।

মাওলানা রউফ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর রডটকমকে বলেন, দিনাজপুর জেলার বিরল উপজেলার ভাড়াডাঙ্গী বাজার, চিরিরবন্দর উপজেলার সাইতাড়া, কাহারোল উপজেলার রসুলপুর ও গড়েয়া বাজার এলাকার ১৭ গ্রামে মানুষ প্রতিবছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে একই দিনে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন।

চাঁদপুর

আরবের সঙ্গে মিল রেখে বৃহস্পতিবার ঈদ হচ্ছে চাঁদপুরের ৪০ গ্রামে।

হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের সাদ্রা হামিদিয়া দাখিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আবু ইছহাক ১৯২৮ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে সব ধর্মীয় অনুষ্ঠান পালনের এই রীতি চালু করেন। ইছহাকের মৃত্যুর পর তার ছয় ছেলে এ মতবাদের প্রচার চালিয়ে আসছেন।

ইছহাকের বড় ছেলে ও সাদ্রা গ্রামের গদিশীন পীর আবু যোফার আবদুল হাই বলেন, বৃহস্পতিবার সকালে সাদ্রা হামিদিয়া দাখিল মাদ্রাসা মাঠে ঈদের নামাজ পড়েছেন তারা।

হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, বেলচো, জাঁকনি, প্রতাপপুর, গোবিন্দপুর, দক্ষিণ বলাখাল। ফরিদগঞ্জ উপজেলার সেনাগাঁও, বাসারা উভারামপুর, উটতলী, মুন্সিরহাট, মূলপাড়া, বদরপুর, পাইকপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, কাইতাড়া, নুরপুর, শাচনমেঘ, ষোলা, হাঁসা, চরদুখিয়া এবং মতলব দক্ষিণ উপজেলার দশআনী, মোহনপুর, পাঁচআনী ও কচুয়া উপজেলার উজানি গ্রামের মুসলমানরা এদিন ঈদের নামাজ পড়ে পশু কোরবানি দিচ্ছেন।

ভোলা

ভোলার পাঁচটি উপজেলার সুরেশ্বর ও সাতকানিয়া দরবারের অনুসারীরা বৃহস্পতিবার পবিত্র ঈদ-উল-আজহা উদযাপন করেছেন।  

সকাল ৯টায় বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাই পত্তন গ্রামে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়।

প্রতি বছরের মতো জেলা সদরের ইলিশা, বোরহানউদ্দিনে টবগী, তজুমদ্দিনের শিবপুর, সম্ভুপুর, লালমোহন পৌর এলাকার একাংশ ও চরফ্যাশনের জিন্নাগর ইউনিয়নের একাংশসহ ভোলা জেলার ১২টি গ্রামের অন্তত পাঁচ হাজার মানুষ ঈদ-উল-আজহায় অংশ নেন।

সুরেশ্বর দরবারের মুরিদ মজনু মিয়া বলেন, “সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমরা  প্রতিবছরই ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আজহা পালন করে থাকি।”

শেরপুর

শেরপুরে বৃহস্পতিবার পবিত্র ঈদ-উল-আজহা পালিত হয়েছে।

সকালে সদর উপজেলার উত্তর ও দক্ষিণ চরখারচর, ঝিনাইগাতী উপজেলার চতল এবং নালিতাবাড়ী উপজেলার নন্নী মধ্যপাড়ায় ঈদের পৃথক জামাতে কয়েকশ মুসল্লি অংশগ্রহণ করেন।

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, সদর উপজেলার আনন্দপুর, শিলই, নায়েবকান্দি, আধারা, মিজিকান্দি, কালিরচর, বাংলাবাজার, বাঘাইকান্দি এবং কংসপুরা গ্রামের একাংশের মানুষ ঈদ-উল-আজহা পালন করেছেন।

এছাড়া চট্টগ্রাম, ফরিদপুর, বরগুনা ও লালমনিরহাটের অনেক গ্রামে এদিন উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসব।