রাজশাহীতে ট্রাকের ধাক্কায় এক পরিবারের ৩ জন নিহত
রাজশাহী নগরীতে ট্রাকের ধাক্কায় এক পরিবারের রিকশারোহী তিন জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় রিকশাচালক আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে মতিহারের খড়খড়ি বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মতিহার থানার ওসি হুমায়ন কবির।
নিহতরা হলেন মতিহার থানাধীন কুখন্ডি সোনারপাড়ার ইব্রাহীম হোসেন (৪০), তার স্ত্রী ববিতা বেগম (৩০) ও মেয়ে রকিয়া খাতুন (৩)।
আহত রিকশাচালক সিদ্দিকের (৩৮) বিস্তারিত পরিচয় জানা যায়নি।
সিদ্দিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ওসি হুমায়ন কবির জানান, ঈদের কেনাকাটা করে নগরী থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে ব্যাটারিচালিত একটি রিকশায় বাড়ি ফিরছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইব্রাহীম হোসেন।
“পথে চাপাইনবাবগঞ্জগামী একটি মালবাহী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে ইব্রাহীমের স্ত্রী ও মেয়ের মৃত্যু হয়।”
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা গিয়ে ইব্রাহিম ও রিকশাচালক সিদ্দিককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
“সেখানে নেওয়ার কিছুক্ষণ পর মারা যান ইব্রাহিম।”
মা-মেয়ের মৃতদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
