অন্তঃসত্ত্বা গৃহবধূকে গুলি আসামি আলীর জবানবন্দি
মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ ও একজন নিহতের মামলায় আসামি মোহাম্মদ আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওসি ইমাউল হক জানান, বৃহস্পতিবার সকালে মোহম্মদ আলীকে মাগুরা জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইমতিয়াজুল ইসলামের আদালতে হাজির করা হয়।
“ওই আদালতে আলী ঘটনার দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন। পরে আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।”
বুধবার রাত সাড়ে ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম সংবাদ সম্মেলন করে একই দিন সকাল ১০টায় শহরের মহিলা কলেজ সড়ক থেকে আলীকে গ্রেপ্তার করা হয় বলে জানান।
ওই সময় আলীকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
তবে আলীর আইনজীবী শফিকুল ইলাম মোহন ও ভাই ফারুক হোসেন অভিযোগ করেন, বুধবার সকাল ১০টায় আলী আত্মসমর্পণ করতে গেলে জেলা জজ আদালতের প্রধান গেটের ভেতর থেকে ডিবি পুলিশ তাকে ধরে নিয়ে যায়।
এর আগে আলীর স্বাক্ষরিত জামিনের আবেদন আদালতে জমা দেওয়া হয় বলে জানান অ্যাডভোকেট শফিকুল ইসলাম।
ওই সময় ডিবি পুলিশের ওসি ইমাউল হক আলীকে আটকের বিষয়টি অস্বীকার করেছিলেন।
এই মামলার ১৬ আসামির মধ্যে মোহাম্মদ আলীসহ এ পর্যন্ত ১৩ আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। ৩ নম্বর আসামি মেহেদী হাসান আজিবর ওরফে অজিবর শেখ গত ১৭ অগাস্ট রাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন।
বর্তমানে মুজিবর নামে একজন আসামি পলাতক রয়েছেন। মুজিবর পুলিশের সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে নিহত আজিবর শেখের ভাই।
মামলার প্রধান আসামি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সেন সুমনকে ডিবি পুলিশ ৭ দিনের ও অন্য আসামিদের এক থেকে তিন দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে।
গত ২৩ জুলাই জেলা শহরের দোয়াড়পাড়ে আলী ও আজিবর সমর্থকদের সঙ্গে কামরুল ভূঁইয়ার সমর্থকদের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন কামরুলের ভাবি নাজমা বেগম।
ওই সংঘর্ষে নিহত হন কামরুলের চাচা মোমিন ভূইয়া। নিহতের ছেলে পরে একটি হত্যা মামলা করেন।
